যুদ্ধবিরতির মাঝেই ইরানে অস্ত্রের চালান পাঠাচ্ছে চীন! - rnews24

শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১১, ২০২৬

যুদ্ধবিরতির মাঝেই ইরানে অস্ত্রের চালান পাঠাচ্ছে চীন!



যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান নাজুক যুদ্ধবিরতির মধ্যেই চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে বলে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে জানিয়েছে সিএনএন।

শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তাদের কিছু অস্ত্রভাণ্ডার পুনরায় শক্তিশালী করার চেষ্টা করছে, যেখানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা থাকতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বেইজিং এই অস্ত্র সরবরাহের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছে, যাতে প্রকৃত উৎস গোপন রাখা যায়।

যে অস্ত্রগুলো সরবরাহের সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যা ম্যানপ্যাডস নামে পরিচিত।

পাঁচ সপ্তাহের সংঘর্ষ চলাকালে এই ধরনের অস্ত্র কম উচ্চতায় উড়ন্ত মার্কিন সামরিক বিমানের জন্য অসম হুমকি তৈরি করেছিল। যুদ্ধবিরতি ভেঙে গেলে এগুলো আবারও একই ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে।

তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি; এ সংক্রান্ত তথ্য সঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন সবসময় আন্তর্জাতিক দায়িত্ব পালন করে। আমরা যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ তোলা, অপপ্রচার চালানো এবং বিষয়টিকে অতিরঞ্জিত করা থেকে বিরত থাকার আহ্বান জানাই। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত উত্তেজনা কমাতে আরও কার্যকর ভূমিকা রাখা।’

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ চলে। পরে গত বুধবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইরানের সরকারি তথ্য অনুযায়ী, এই সংঘাতে প্রায় ৩ হাজার ইরানি নিহত হয়েছেন। অন্যদিকে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া, বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages