হরমুজের মতোই আরেক প্রণালী বাব এল-মান্ডেবের নিচ দিয়েও গিয়েছে অন্তর্জাল সংযোগ।
ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়াতেই সবচেয়ে বড়় অস্ত্র হয়ে উঠছে জ্বালানি! হরমুজ প্রণালী অবরুদ্ধ। এর মধ্যে পশ্চিম এশিয়ার তেলের ভাণ্ডারগুলিতে হামলা চালাচ্ছে ইরান। লক্ষ্য হল গোটা বিশ্বকে জ্বালানি সংকটে ফেলে দেওয়া। এর মধ্যেই নতুন আতঙ্ক— বিশ্বের বড় অংশে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে তেহরান। কীভাবে? হরমুজ প্রণালীর নিচ দিয়ে গিয়েছে ইন্টারনেট সংযোগের প্রধান কেবল (Hormuz Internet Cables)। সমর বিশেষজ্ঞদের অনুমান, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় কোণঠাসা ইরান হরমুজের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট সংযোগ ছিন্ন করতে পারে। সেক্ষেত্রে মুহূর্তে ভেঙে পড়বে ভারত-সহ বিশ্বের অসংখ্য দেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা।
হরমুজ প্রণালী তলদেশ দিয়ে যেমন ইন্টারনেট কেবল গিয়েছে, তেমনই আরেক প্রণালী বাব এল-মান্ডেবের নিচ দিয়েই গিয়েছে অন্তর্জাল সংযোগ। আশঙ্কার কথা হল ইরানের মদতপুষ্ট সংগঠন হাউথি হুঁশিয়ারি দিয়েছে, লোহিত সাগরের প্রণালী বাব এল-মান্ডেবে হামলা চালিয়ে অবরুদ্ধ করে দেবে তারা। ‘সভ্যতার ধমনী’ দুই প্রণালী বন্ধ হলে তীব্র জ্বালানির অভাব তৈরি হবে বিশ্বজুড়ে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে বাস্তবেই সভ্যতার সংকট দেখা দেবে। সামরিক বিশেষজ্ঞদের চিন্তা, ইচ্ছাকৃত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা না হলেও মিসাইল হামলার জেরে দুর্ঘটনাবশত ক্ষতিগ্রস্ত হতে পারে সমুদ্রগর্ভস্থ কেবল লাইন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন